ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার

ভারত মহাসাগরে ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সাম্পাথ থুয়্যাকোন্থা।
বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে যায় ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’। শুরুর দিকে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করার তথ্য জানায় শ্রীলঙ্কার নৌবাহিনী। এরপর মোট ৮৭ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
ভাইস মার্শাল সাম্পাথ থুয়্যাকোন্থা জানান, আরও অনুসন্ধান চলছে। এই ঘটনায় কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুধিকা সম্পথ এর আগে জানিয়েছিলেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা জাহাজের কোনো চিহ্ন পাননি, শুধু তেলের স্তর ও লাইফ র্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পাই। উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র।
এর আগে, ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা। বুধবার ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে দাবি করা হয়।
ডুবে যাওয়া জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ‘একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল’।