যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ইরান ভূপাতিত করেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
বুধবার (৪ মার্চ) ভোরে সংবাদ সংস্থাটি জানায়, মার্কিন এফ-১৫ বিমানটি ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট দ্বারা আঘাত হানে। এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য দিতে পারেনি তাসনিম নিউজ এজেন্সি।
এর আগে, সোমবার ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটির বিধ্বস্ত হওয়ার ছবি এবং ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম এবং একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়।
এদিকে সৌদি আরবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কার্যালয়ে মঙ্গলবার ড্রোন হামলা করেছে ইরানি। এ ছাড়া কাতারে আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে পারলেও দ্বিতীয়টি আল-উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে হঠাৎ ইরানের রাজধানী তেহরানসহ বহু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়।
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যার পর রোববার থেকে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে যৌথ হামলায় এখন পর্যন্ত ১৭৬ জন শিশুসহ ৭০০- এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।