logo

রিয়াদ বিমানবন্দরে হুতির হামলায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিন্দা

রিয়াদ বিমানবন্দরে হুতির হামলায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিন্দা
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: রয়টার্স

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, মিসর, কাতার, ফিলিস্তিন, পাকিস্তান ও জাপানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। হামলাটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশের নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সৌদি আরবের কার্যত নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। একই সঙ্গে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হুতিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ধরনের নিন্দনীয় হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরগুলোতে প্রাণঘাতী হামলাকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করে, সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করে এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তার প্রতি এমন অবজ্ঞারও সমালোচনা করেছে দেশটি।

কাতার এ হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা, বেসামরিক নাগরিক ও বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে। সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া বৈধ পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে দোহা।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা।

পাকিস্তান হামলাটিকে ‘সন্ত্রাসবাদের জঘন্য কর্মকাণ্ড’ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেছে।

এদিকে, সৌদি আরবে নিযুক্ত জাপানের দূতাবাস হুতিদের বারবার হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরব হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। চলমান সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দরে এই হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত থাকলে সংঘাতের বিস্তার ঘটার পাশাপাশি শান্তি প্রচেষ্টাও আরও বাধাগ্রস্ত হতে পারে।