যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে তুরস্ক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কিনছে তুরস্ক। একইসঙ্গে আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করছে ওয়াশিংটন।
মঙ্গলবার (৭ জুলাই) ন্যাটো সম্মেলনে যোগ দিতে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
তিন বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনা ও দেশীয় ‘কান’ যুদ্ধবিমানের জন্য মার্কিন জেট ইঞ্জিন সংগ্রহের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুটি বিষয়েই একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এ সময় এরদোয়ান বলেন, এফ-৩৫ কর্মসূচি নিয়ে আলোচনায় তুরস্ককে পাঁচটি যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে আলাদাভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি, আগে যে ইতিবাচক বার্তা পেয়েছি, তা বাস্তবে রূপ নেবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তাই আমরা আশা করছি, এই শীর্ষ সম্মেলন থেকে এফ-৩৫ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
দেশীয় ‘কান’ যুদ্ধবিমানের জন্য মার্কিন জেট ইঞ্জিন সংগ্রহের প্রসঙ্গেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। তার ভাষায়, ট্রাম্প তাকে ‘সুসংবাদের’ ইঙ্গিত দিয়েছেন এবং শীর্ষ সম্মেলনে সেই সুসংবাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ হতে পারে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের বিদ্যমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার পর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় এবং পরবর্তীতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে এফ-৩৫ ইস্যু এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: সিএনএন




