logo

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে এক হাজারের অধিক ঘরবাড়ি পুড়ে ছাই 

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে এক হাজারের অধিক ঘরবাড়ি পুড়ে ছাই 

মালয়েশিয়ায় একটি উপকূলীয় এলাকায় ভয়াবহ অগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক হাজারের অধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বোর্নিও দ্বীপের সাবাহ প্রদেশের একটি গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে। এতে অন্তত নয় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং। 

সান্দাকান জেলার ফায়ার ও রেসকিউ প্রধান জিমি লাগুং এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় রোববার ভোরে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।

লাগুং বলেন, প্রবল বাতাস এবং ঘরগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া সাগরে ভাটা চলায় পানির উৎস খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল।

সাবাহর একটি ‘ওয়াটার ভিলেজ’ বা পানির ওপর গড়ে ওঠা গ্রামে এই আগুনের সূত্রপাত হয়। এই গ্রামগুলোতে কাঠের তৈরি ঘরগুলো খুঁটির ওপর নির্মিত। দেশটির অন্যতম দরিদ্র জনগোষ্ঠীসহ অনেক আদিবাসী গোষ্ঠী বসবাস করে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্য অনুযায়ী, সান্দাকান পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনায় ৯ হাজারের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের মৌলিক সহায়তা এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার সাবাহ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এখন আমাদের অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দেওয়া।