logo

মধ্যপ্রাচ্য থেকে সরে গেল মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ড

মধ্যপ্রাচ্য থেকে সরে গেল মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ড

ইরানের বিরুদ্ধে অভিযানে মধ্যপ্রাচ্যে বড় দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং অন্যটি ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এবার বিভিন্ন সমস্যার মুখে পড়ায় মার্কিন নৌবাহিনীর আধুনিক বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আপাতত ইরানবিরোধী সামরিক অভিযান থেকে দূরে থাকছে রণতরিটি।

বিজনেস ইনসাইডারের খবর জানাচ্ছে, সোমবার (২৩ মার্চ) রণতরিটি পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সৌদা বে নৌঘাঁটিতে পৌঁছেছে। লোহিত সাগর অঞ্চলে দীর্ঘদিন মোতায়েন থাকার পর এখানে জাহাজটির মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে।

মার্কিন ষষ্ঠ নৌবহর জানিয়েছে, রণতরিটি এখনও পূর্ণ সক্ষমতায় রয়েছে। তবে দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে নিয়মিত মূল্যায়ন ও প্রয়োজনীয় মেরামত জরুরি হয়ে পড়েছে।

২০২৫ সালের ২৪ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করা এই রণতরি এরই মধ্যে নয় মাস ধরে সমুদ্রে রয়েছে। এই সময়ের মধ্যে এটি ইউরোপ, ক্যারিবীয় অঞ্চল এবং পরে গত ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মার্চের শুরু থেকে সেখানেই ছিল জেরাল্ড আর ফোর্ড।

খবরে জানানো হয়, লম্বা সময় ধরে মোতায়েন থাকার ফলে জাহাজটিতে কিছু সমস্যা দেখা দেয়। গত ১২ মার্চ জাহাজের লন্ড্রিতে আগুন লেগে দুই নাবিক আহত হয়েছেন। এ ছাড়া ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক নাবিক। ওই সময় জাহাজের টয়লেট ব্যবস্থাসহ আবাসিক অংশের বেশকিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সময়ের মোতায়েন থাকার ফলে প্রায় চার হাজারের বেশি ক্রু নিয়ে পরিচালিত এই রণতরির নাবিকদের ওপর শারীরিক ও মানসিক অবস্থার ওপরও চাপ সৃষ্টি হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ডেরিল ক্যাডল বলেন, ‘দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকায় নাবিকদের ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ে।’

জেরাল্ড ফোর্ড সরে যাওয়ায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একমাত্র বিমানবাহী রণতরি হিসেবে মোতায়েন রয়েছে আব্রাহাম লিংকন। সেখানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।