Advertisement

যুক্তরাষ্ট্রে হাসপাতালের টয়লেটে গোপনে নারীদের ভিডিও ধারণ, ভারতীয় চিকিৎসকের কারাদণ্ড

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রে হাসপাতালের টয়লেটে গোপনে নারীদের ভিডিও ধারণ, ভারতীয় চিকিৎসকের কারাদণ্ড
অদ্বৈত দেশমুখ। ছবি: সংগৃহীত

হাসপাতালের সহকর্মী নারীদের টয়লেটে গোপনে ভিডিও ও ছবি ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অদ্বৈত দেশমুখকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওহাইওর টোলেডো হাসপাতালে কর্মরত এই চিকিৎসককে কারাদণ্ডের পাশাপাশি ১৫ বছরের জন্য যৌন অপরাধীর তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত জুনে লুকাস কাউন্টি কমন প্লিজ কোর্টে বিচারক মাইকেল গোল্ডিং এই রায় ঘোষণা করেন।

বুধবার (২২ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল কলেজটির এন্ডোউরিওলজি বিভাগের তৃতীয় বর্ষের রেসিডেন্ট অদ্বৈত দেশমুখের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টা এবং নজরদারির (ভয়রিজম) মোট আটটি অভিযোগ আনা হয়।

আদালতে অপরাধ স্বীকার করার পর তাকে ছয় মাসের কারাদণ্ড, তিন বছরের প্রবেশন এবং সেক্সাহোলিকস অ্যানোনিমাস সেশনে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি ফ্র্যাংকলিন কাউন্টিতে স্থানান্তরিত হলেও এই আইনি বিধিবিধান ও মানসিক চিকিৎসা প্রক্রিয়া বহাল থাকবে। রায় ঘোষণার আগে অদ্বৈত দেশমুখ আদালত ও ভুক্তভোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। যদিও তার আইনজীবী তাকে জেলে না পাঠিয়ে কেবল প্রবেশনে রাখার অনুরোধ জানিয়েছিলেন, তবে আদালত তা প্রত্যাখ্যান করেন।

ঘটনাটির সূত্রপাত হয় ২০২৫ সালের জুনে। টোলেডো হাসপাতালের রেনেসাঁ টাওয়ারের একটি কমন টয়লেটে বাক্সের ভেতর লুকানো ডিজিটাল ক্যামেরা দেখতে পান এক কর্মী। তিনি ডিভাইসটি সরাতে গেলে অদ্বৈত দেশমুখ তা ছিনিয়ে নেন এবং ক্যামেরাটি তার নিজের বলে দাবি করেন।

পরবর্তীতে প্রোমেডিকা হাসপাতাল ও টোলেডো পুলিশের যৌথ তদন্তে ওই চিকিৎসকের ফোন থেকে ৮২টি গোপন ছবি উদ্ধার করা হয়, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে গোপনে তোলা হয়েছিল।