জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫

এশিয়া পোস্ট ডেস্ক
জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫
ভেনেজুয়েলায় ধ্বংসস্তুূপ থেকে হতাহতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। ছবি: সংগৃহীত

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে ভেনেজুয়েলা। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

Advertisement

শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

কার্লোস আলভারাদো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন পর্যন্ত ২৩৫টি মরদেহ পেয়েছি। হতাহত ব্যক্তিরা হয় কোনো প্রাণের চিহ্ন ছাড়াই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন অথবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। ইতোমধ্যে হাসপাতালগুলো রোগীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’

ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্পে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। ভূমিকম্পে এই রাজ্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন। ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে প্রাণপণ চেষ্টা অব্যাহত রয়েছে।

লাতিন আমেরিকার দেশটির ২৩টি রাজ্যের মধ্যে অন্যতম লা গুয়াইরার আনুমানিক জনসংখ্যা ৪ লাখ ৮০ হাজারেরও বেশি। উত্তর উপকূল বরাবর অবস্থিত এই রাজ্যে ভেনিজুয়েলার অন্যতম প্রধান সমুদ্রবন্দর ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ উত্তরাঞ্চলের সমুদ্রতীরবর্তী শহর মাকুতোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার অনুসন্ধান ও উদ্ধারের কাজে আমাদের উদ্ধারকর্মীরা নিয়োজিত আছেন। এই জরুরি অবস্থা মোকাবিলায় জাতীয় সরকার মাঠপর্যায়ে কাজ করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও ব্যাপক সহায়তা পেতে থাকব।’

এদিকে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে জাতিসংঘের পাশাপাশি ব্রাজিল, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দলসহ বিভিন্ন মানবিক সহায়তা পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ’ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজধানী কারাকাসকে দ্রুত সহায়তা করার জন্য ভেনেজুয়েলার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা