জার্মানিতে রেজা পাহলভিকে লাল তরল নিক্ষেপ

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিন শহরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেডারেল প্রেস কনফারেন্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
পাহলভি এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির সমালোচনা করেন। এ সময় অজ্ঞাতপরিচয়ের এক যুবক তাকে লক্ষ্য করে লাল রঙের তরল ছুড়ে মারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রক্ত’ সদৃশ ওই তরল নিক্ষেপের পর উত্তেজনা ছড়িয়ে পড়লেও পাহলভি শান্ত ছিলেন এবং সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। পরে তিরি একটি গাড়িতে উঠে চলে যান। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করেছে বলে এবিসি নিউজের খবরে উল্লেখ করা হয়েছে।
৬৫ বছর বয়সি পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালে লাখ লাখ মানুষের আন্দোলনের মুখে তার বাবা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তা সত্ত্বেও পাহলভি নিজেকে ইরানের ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। যদিও দীর্ঘ ৫০ বছর নির্বাসনে থাকার পর ইরানে তার কতটুকু জনসমর্থন রয়েছে তা স্পষ্ট নয়।
JUST IN:
An Iranian demonstrator threw tomato sauce at Reza Pahlavi during an appearance in Berlin, Germany. pic.twitter.com/tofwVZyEdF
— Current Report (@Currentreport1) April 23, 2026
বার্লিন সফরে কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি পাহলভিকে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইরান সরকারের ওপর ভরসা করা একটি বড় ভুল। তার মতে, কূটনীতির নামে তেহরানকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, যা কোনো ইতিবাচক ফল আনবে না।
পাহলভি শিয়া ধর্মশাসকদের পতন হলে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক হস্তক্ষেপকে সমর্থন করেছেন।
বার্লিনে পাহলভি ইউরোপীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গণতন্ত্রের জন্য লড়াইরত ইরানি জনগণকে আরও বেশি সমর্থন করেন। তিনি দাবি করেন, গত দুই সপ্তাহে ইরানের শাসকরা ১৯ জন রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ছাড়া আরও ২০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
পাহলভি প্রশ্ন তোলে বলেন, বিশ্ব কি কিছু করবে, নাকি এই হত্যাকাণ্ড নীরবে দেখবে?