ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) হেলিকপ্টারে মোট আটজন আরোহী ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উদ্ধারকারী দল মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির অংশ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। শাফি জানান, বাগানটির মালিক ছিল ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা ও হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার।