জন্মের পরেই পায়ের ওপর পা তুলে শুয়ে নবজাতক, ভিডিও ভাইরাল

জন্মের মাত্র কয়েক মিনিট পরই এক নবজাতকের অদ্ভুত আরামদায়ক ভঙ্গিতে শুয়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই হাত মাথার পেছনে রেখে, এক পায়ের ওপর অন্য পা তুলে নিশ্চিন্তে শুয়ে থাকা শিশুটিকে দেখে মজার সব মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই রসিকতা করে বলছেন, পৃথিবীতে আসার পরপরই বুঝি কীভাবে চাপমুক্ত থাকতে হয়, তা শিখে গেছে শিশুটি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মিশরের রাজধানী কায়রোভিত্তিক শিশু ও নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক ইসলাম এলদেহ। ভিডিওতে দেখা যায়, জন্মের পর নবজাতকটি বেশ শান্তভাবে শুয়ে আছে। তার মুখের অভিব্যক্তি ও শোয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে, সে যেন বেশ আয়েশেই সময় কাটাচ্ছে।
ভিডিওটির ক্যাপশনে চিকিৎসক লিখেছেন, ‘রাজার মতো শুয়ে থাকা নবজাতক’
সাধারণত জন্মের পরপরই নবজাতকের কান্নার যে চিত্র মানুষের মনে ভেসে ওঠে, ভিডিওতে তার বিপরীত দৃশ্য দেখা গেছে। শিশুটির এমন নির্ভার ভঙ্গি দর্শকদের নজর কেড়েছে। অনেকে মজা করে বলছেন, জীবনের প্রথম দিনেই বিশ্রাম নেওয়ার কৌশল রপ্ত করে ফেলেছে সে।
একজন মন্তব্য করেছেন, ‘এরা জেন বেটা প্রজন্ম। ইতোমধ্যে কাজ ও জীবনের ভারসাম্য রক্ষা করতে শিখে গেছে। কাজ নেই, শুধু জীবন উপভোগ। জেন আলফা হলে হয়তো ওয়াই-ফাই চাইত। আর এই শিশু পৃথিবীকে ইতিমধ্যে বিরক্ত না করার বার্তা দিয়ে রেখেছে।’
আরেকজন লিখেছেন, ‘নবজাতকটি পৃথিবীতে এসেই যেন সব দুশ্চিন্তা থেকে মুক্ত।’
অন্য একজনের মন্তব্য, ‘জন্মেই ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম দরকার।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘ওরা ভিডিও করছে, তাই তো? দাঁড়াও, আমিও একটা পোজ দিই।’
তবে নবজাতকের মুখের অভিব্যক্তি বা শারীরিক ভঙ্গি থেকে তার সচেতন চিন্তা কিংবা ব্যক্তিত্ব সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। জন্মের পর শিশুরা কখনো কখনো শান্ত ও সজাগ অবস্থায় থাকে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় এ ধরনের স্বাভাবিক আচরণ দেখা যেতে পারে।