logo

‘৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে’

‘৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে’

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়া সম্ভব। ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটির সঙ্গে আলোচনা হতে পারে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট যখন এ বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চায়, তখন মার্কিন প্রেসিডেন্ট একটি খুদেবার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে উত্তর দেন: ‘এ সময়ের মধ্যে আলোচনার সম্ভাবনা আছে! ’

গতকাল ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করবেন, যা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। ইরান সরকারকে যুদ্ধের সমাপ্তি টানতে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব তৈরির জন্য বাড়তি সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ট্রাম্প বলেন, তিনি ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত। কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু হবে।

তিনি জানান, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন সেনাবাহিনী তাদের সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে।

তিনি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা এখন পুরোপুরি রণসজ্জিত হয়ে আছি। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টিকে রসদ পুনর্সংগ্রহের কাজে লাগিয়েছি; সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।

ট্রাম্প বলেন, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।