এবার যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ

মার্কিন নৌ অবরোধ ভেঙে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি ইরানি সুপার ট্যাংকার। এখন এ সুপার ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, 'ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার' শ্রেণির ইরানের এই বিশাল ট্যাংকারটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। তবে জাহাজটি পণ্যবাহী অবস্থায় ফিরছে, নাকি এটি বর্তমানে খালি রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেহরান তাদের নৌ চলাচল ও জ্বালানি বাণিজ্য অব্যাহত রেখেছে। এই ঘটনাটি ওই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আমেরিকান সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো নৌযান প্রবেশ করলে বা বের হলে তা আটক, পথ পরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যেসব জাহাজ অবস্থান করছে বা যেসব জাহাজ ওই বন্দগুলোতে প্রবেশ করবে, তা মার্কিন নৌ অবরোধের আওতাভুক্ত। যদি এ অবরোধের সময় ইরানিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।
তবে ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যেমন আমেরিকা ইরানের কাছে পরাজিত হয়েছে, ঠিক তেমনি এই নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে।
এদিক মার্কিন নৌবাহিনীর অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। ইরানের স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে অবরোধ শুরুর পর মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ২৫টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে। আরও ১৩টি জাহাজ প্রণালি এলাকায় অবস্থান করছে।