logo

ইরানে সরকার পরিবর্তনের বিরোধিতা করে সতর্কবার্তা দিল চীন

ইরানে সরকার পরিবর্তনের বিরোধিতা করে সতর্কবার্তা দিল চীন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্যে ইরানে সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সতর্কবার্তায় জানিয়েছেন, ইরানে সরকার পরিবর্তনের যে চেষ্টা করা হচ্ছে, তাতে দেশটির জনগণের কোনো সমর্থন নেই। 

রোববার ( ৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশে ওয়াং ই বলেন, ইরানে পশ্চিমা স্টাইলের সরকার প্রতিষ্ঠার জন্য কোনো বিপ্লবের পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা করার বিষয়টি কোনো জনসমর্থন পাবে না। তিনি ইরান ও (বিশ্বের) অন্য সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে আহ্বান জানিয়েছেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর দাবি, মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা হোক। এর মাধ্যমে (যুদ্ধের) উত্তেজনা বৃদ্ধি পাবে না। এ ছাড়া সংঘাতের বিস্তারও ঘটবে না।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ এমন একটি বিষয় যা সংঘটিত হওয়াই উচিত ছিল না এবং এ যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক হবে না। শক্তি প্রয়োগ করে কোনো সমাধান আসবে না। যুদ্ধ কেবল ঘৃণা বৃদ্ধি করবে এবং নতুন সংকটের জন্ম দেবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক। এ অঞ্চলের বিষয়গুলো সেখানকার জনগণই স্বাধীনভাবে নির্ধারণ করবে। এখানকার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে (বাইরের) হস্তক্ষেপ কাম্য নয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শক্তি থাকলেই যা ইচ্ছা তা করা উচিত নয়। এটা অযৌক্তিক আচরণ। বিশ্ব জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।