এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌবহরের মহড়া

এডেন উপসাগরে মিশনের কার্যকারিতা আরও জোরদার করতে সম্প্রতি বহুমুখী সামরিক মহড়া চালিয়েছে চীনের ৪৮তম নেভাল এসকর্ট টাস্ক ফোর্স। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা ছিল এ নৌ-বহরের মহড়ার মূল লক্ষ্য।
শনিবার (১৪ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বাস্তিল পোস্ট ও পিপলস ডেইলি অনলাইন।
মহড়া প্রসঙ্গে গাইডেড-মিসাইল ফ্রিগেট ‘তাছিংয়ের’ ক্রু সদস্য সোং সুচিয়ান বলেন, ‘আমরা পুরোপুরি বাস্তব যুদ্ধের পরিস্থিতির ওপর ভিত্তি করে মহড়া চালিয়েছি। মিশনের আওতাভুক্ত এলাকার বিশেষ বৈশিষ্ট্য ও সম্ভাব্য হুমকি মাথায় রেখে জাহাজের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা, নমনীয় অবস্থান গ্রহণ এবং লক্ষ্যভেদে কামানের কার্যকারিতা যাচাই করা হয়েছে।’
চীনের নৌবাহিনী দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা প্রদানে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করছে এ বাহিনী।
এ বিষয়ে ৪৮তম নৌবহরের একজন ক্রু সদস্য জিয়া তিয়ান বলেন, এসকর্ট মিশন পরিচালনা করা চীনা নৌবাহিনীর জন্য তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ এবং বিশ্ব শান্তি বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। এ ছাড়া বিশাল সমুদ্রে চীনের নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ এবং ক্ষমতা বৃদ্ধির জন্য এ মহড়া একটি মূল্যবান প্ল্যাটফর্ম।