ইরান যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইম ফ্রেম নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের কারণে বা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যের প্রভাব এই যুদ্ধে নেই বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হোয়াইট হাউসের বরাতে সিএনএন জানায়, হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে দুটি জাহাজ জব্দ করার দাবিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনই যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছেন না। ইরানের ওপর বর্তমান অর্থনৈতিক চাপের কৌশলে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
খবরে জানানো হয়, তেহরানকে আলোচনার টেবিলে ফেরার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে গত মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ আগের মতোই কঠোরভাবে বজায় রাখার অঙ্গীকার করেছেন ট্রাম্প।
এদিকে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনীর পেতে রাখা সব মাইন সরাতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের বিশেষ এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে দেওয়া ব্রিফিংয়ে পেন্টাগন এই তথ্য জানিয়েছে।
বর্তমানে ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলমান থাকায় এই মাইন অপসারণ কার্যক্রম শুরু করা প্রায় অসম্ভব। পেন্টাগনের এই মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে, বর্তমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব চলতি বছরের শেষ নাগাদ বা তার পরও স্থায়ী হতে পারে।
মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন সভায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ইরান হরমুজ প্রণালি ও এর আশপাশে ২০টি বা তারও বেশি মাইন পেতে রেখেছে। কর্মকর্তারা আরও জানান, কিছু মাইন জিপিএস প্রযুক্তির মাধ্যমে দূরে ভাসিয়ে দেওয়া হয়েছে, যার ফলে মার্কিন বাহিনীর পক্ষে সেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তেলের দামের এই ঊর্ধ্বগতি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।