সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় পাঁচ দফা হামলার দাবি হুতির

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি সামরিক হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও হুতিদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে। এতে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পাঁচটি অভিযানের তথ্য জানান। তার দাবি, সৌদি আরবের বিমানবন্দর, রাডার স্থাপনা, তেল শোধনাগার, গ্যাসকেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্র এসব হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে হামলার সব লক্ষ্যবস্তুতে ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, হামলার প্রথম লক্ষ্য ছিল সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় অভিযানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা ও খামিস মুশাইত এলাকায় দুটি রাডার স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। তার দাবি, হামলায় রাডার দুটি অকার্যকর হয়ে পড়েছে।
তৃতীয় ও চতুর্থ হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের জাজান তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়াইয়া গ্যাস স্থাপনা। এসব স্থাপনায় হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক ও জাজান এলাকার বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করার দাবি করেছে গোষ্ঠীটি।
তবে এসব স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে হুতিদের বক্তব্যের সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
অন্যদিকে, শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সৌদি আরবের দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে রিয়াদ অভিমুখী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জাজান প্রদেশের আল-শুকাইক লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
জোটের দাবি, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক নাগরিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই সঙ্গে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সহায়তা করে এমন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে অভিযান চালানোর কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।


