Advertisement

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন

এশিয়া পোস্ট ডেস্ক
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে এ সুবিধা দেবে ঢাকাস্থ চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

ক্যান্টন ফেয়ার ভিসার আবেদনের ক্ষেত্রে মেলা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক। ভিসা পাওয়া সহজতর করার জন্য আবেদনকারীদের পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড ও নিজস্ব কোম্পানির গ্যারান্টি লেটার (ঐচ্ছিক নথি হিসেবে) অনলাইন আবেদনে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র সরাসরি ফেরত পাঠানো হবে। বিলম্ব ও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত এড়াতে আবেদনকারীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে অনলাইন আবেদনপত্র পূরণের আহ্বান জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য বা জাল নথি জমা দিলে ভিসা স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। নিজের হয়ে অন্য কোনো ব্যক্তি বা থার্ড-পার্টি এজেন্সির মাধ্যমে ফরম পূরণ না করার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে দূতাবাস।

ভিসা সেবার জন্য দূতাবাস কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেয়নি। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে সতর্ক করা হয়েছে। আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও প্রবেশের অনুমতি কেবল দূতাবাস কর্তৃক নির্ধারিত হবে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস আইনানুগ ও স্বচ্ছ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে চীনা দূতাবাস।