logo

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১
ফেরিতে আগুন লাগার দৃশ্য। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপসংলগ্ন সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় এখনও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ‘কেএমপি মুতিয়ারা সেনতোসা ২’ নামের ওই ফেরিটিতে আগুন লাগার পর নিখোঁজদের সন্ধানে ও আটকে পড়াদের উদ্ধারে সমুদ্রে বড় আকারের অভিযান চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে রোববার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব জাভার মাদুরা দ্বীপের কাছে ‘কেএমপি মুতিয়ারা সেনতোসা ২’ ফেরিটিতে হঠাৎ বিকট আগুনে বিপর্যয় নেমে আসে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও জরুরি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেরিটি সুরাবায়া বন্দর থেকে মাকাসারের উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন।

অগ্নিসংযোগে ফেরিটির অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে যাত্রীরা জীবন বাঁচাতে বাধ্য হয়ে ফেরির ব্রিজ ও সামনের অংশে গিয়ে আশ্রয় নেন এবং উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকেন। অনেকে প্রাণ বাঁচাতে জ্বলন্ত ফেরি থেকে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেন।

দেশটির উদ্ধারকারী সংস্থা সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান নানং সিগিত জানিয়েছেন, টিবি হাসনুর ২৬ এবং ব্রিটিশ মেন্টর নামের দুটি জাহাজ ফেরিটি থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়া যাত্রীদের দ্রুত উদ্ধারে সহায়তা করছে। বর্তমানে মোট চারটি জাহাজ ফেরিটির পাশাপাশি অবস্থান নিয়ে সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সংস্থাটি থেকে আরও নিশ্চিত করা হয়েছে, ইতোমধ্যে প্রায় ২০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে নিরাপদ উদ্ধারকারী জাহাজে নেওয়া সম্ভব হয়েছে। তবে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অন্তত ৪০ জন যাত্রী জ্বলন্ত ফেরিটির ভেতরের অংশে আটকা পড়েছিলেন।

সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের ভাষ্যমতে, তারা সকাল ৮টা ২৪ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর পান। নানং সিগিতের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনাকবলিত ফেরিটি বুরয়ান সপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল গভীরে অবস্থান করছিল। উদ্ধারকারীরা নিখোঁজ ৪১ জনের সন্ধানে সমুদ্রজুড়ে তল্লাশি জোরদার করেছেন।