পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ জব্দ করতে দেবে না রুশ নৌবাহিনী

রাশিয়ার তেল পরিবহন এবং মস্কোর ‘ছায়া নৌবহর’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ান নৌবাহিনী পশ্চিমা শক্তিগুলোকে রুশ জাহাজ জব্দ করতে দেবে না। ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
এর আগে জাহাজ পরিবহনের দায়িত্বে থাকা ক্রেমলিনের সহযোগী কর্মকর্তা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়ার উচিত পশ্চিমাদের একটি শক্তিশালী বার্তা পাঠানো। বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং বাল্টিক রাষ্ট্রগুলোকে হুঁশিয়ারি দিতে হবে।
মস্কোর সংবাদপত্র আর্গুমেন্টি আই ফ্যাক্টিকে পাত্রুশেভ বলেন, আমরা বিশ্বাস করি যে নৌ-চলাচলের নিরাপত্তায় সর্বোত্তম জামিনদার বা রক্ষক হলো নৌবাহিনী। কিন্তু, রুশ জাহাজ পরিবহন খাতে পশ্চিমা দেশগুলো জলদস্যুর মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এবার আমাদের দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি এটা না করা হয়, তাহলে ইংরেজ, ফরাসি ও বাল্টিক রাষ্ট্রগুলো সমুদ্রে রাশিয়ানদের প্রবেশ করতে দিবে না। বিশেষ করে আটলান্টিক অববাহিকায় এমন ঘটনা বেশি ঘটতে পারে। এ কারণে রাশিয়া থেকে অনেক দূরে অবস্থিত এলাকাসহ প্রধান সামুদ্রিক অঞ্চলগুলোতে স্থায়ীভাবে বিপুল সংখ্যক রুশ নৌসেনা মোতায়েন করতে হবে। এভাবে পশ্চিমা জলদস্যুদের মোকাবিলা করা যাবে।
পাত্রুশেভ আরও বলেন, রাশিয়ার অর্থনীতি সচল রাখার জন্য তেল, শস্য এবং সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কিন্তু, পশ্চিমারা রুশ অর্থনীতি ধ্বংসে এ সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত জাহাজগুলোতে আক্রমণ চালাচ্ছে। এ কারণে তাদের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।