নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে চলমান চরম সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জেরে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শনিবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সেখানে অপ্রত্যাশিতভাবে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ খুবই জটিল আকার ধারণ করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এই পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের ভ্রমণ পরিকল্পনাগুলো পুনরায় মূল্যায়ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন নাগরিকদের এখন মধ্যপ্রাচ্যে ভ্রমণ করা কিংবা মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহার করে অন্য কোথাও যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করা উচিত।
এই সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও জরুরি বার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, এই অঞ্চলে বসবাসরত মার্কিনিদের সার্বক্ষণিকভাবে সতর্কতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে যেকোনো নতুন পরিস্থিতি বা তাৎক্ষণিক খবরের বিষয়ে সচেতন থাকতে নিয়মিত সংবাদ মাধ্যমগুলোর ওপর নজর রাখতে বলা হয়েছে।
এছাড়া, যেসব ভ্রমণকারী বর্তমানে এই অঞ্চলে যাতায়াত করছেন তাদের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে আছে কিনা তা নিশ্চিত হতে নিজ নিজ বিমান পরিবহন সংস্থার (এয়ারলাইন্স) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
