logo

তেহরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নতুন সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানে বড় ধরনের আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি নতুন হামলার সিদ্ধান্ত নেওয়া থেকে ‘এক ঘণ্টা দূরে’ ছিলেন। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তথ্য দ্য গার্ডিয়ান ।

ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হয়ে যেতে পারে। তিনি ইঙ্গিত দেন, শুক্রবার, শনিবার বা রোববারের মধ্যেই নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে যদি আলোচনা ব্যর্থ হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, তারা ইরানকে নতুন পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে চায় না। অন্যদিকে ইরান দাবি করছে, তাদের প্রস্তাবে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন সেনা কমানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, দুই পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু রাজনৈতিক ছাড় দিতে কেউই প্রস্তুত নয়। ফলে পরিস্থিতি কার্যত অচলাবস্থায় আটকে আছে।

ইরানও যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নতুন ফ্রন্ট’ খোলা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও জানিয়েছে তেহরান।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সেখানে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।

সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বহু রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।