logo

ভারতের নৌ ও বিমানবাহিনীর শীর্ষ পদে রদবদল

ভারতের নৌ ও বিমানবাহিনীর শীর্ষ পদে রদবদল
ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ ও এয়ার মার্শাল তেজপাল সিং। ছবি: সংগৃহীত

ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। নৌবাহিনীর ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (ডিসিএনএস) হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। অন্যদিকে ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (ডিসিএএস) পদে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌবাহিনীর সাবেক উপপ্রধান ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী গত ৩১ জুলাই অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন এএন প্রমোদ।

১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিঁদুর এবং গালওয়ান সংকটকালে পরিচালিত অপারেশন স্নো লেপার্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০২৪ সালে বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেল লাভ করেন।

অন্যদিকে, ১ আগস্ট নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব নেওয়ার পর তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এয়ার মার্শাল তেজপাল সিং ১৯৯০ সালের ১৬ জুন ভারতীয় বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তার রয়েছে ৩ হাজার ৫০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা। কর্মজীবনে অবদানের জন্য তিনি ২০১১ সালে বায়ুপেটা মেডেল এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল অর্জন করেন।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে এই পরিবর্তনকে নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করার ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।