‘হরমুজ প্রণালিতে অভিযান চালানোর জন্য ন্যাটো প্রতিষ্ঠিত হয়নি’

ফ্রান্সের উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালিস রুফো বলেছেন, হরমুজ প্রণালিতে অভিযান চালানোর জন্য ন্যাটো প্রতিষ্ঠিত হয়নি। ওই জলপথে ন্যাটোর কার্যক্রম পরিচালনা করা এ সামরিক সংগঠনটির মূল লক্ষ্যের পরিপন্থি।
বুধবার (১ এপ্রিল) ইরান ইস্যু ও হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি এ মন্তব্য করেন।
ফরাসি সংবাদমাধ্যম 'ল্য পয়েন্ট' আয়োজিত এক ফোরামে অ্যালিস রুফো বলেন, হরমুজ প্রণালিতে অভিযান চালানোর জন্য ন্যাটো প্রতিষ্ঠা করা হয়নি। এমনটা করলে তা হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এ ছাড়া হরমুজ প্রণালিতে ন্যাটোর কার্যক্রম পরিচালনা করা এ সামরিক সংগঠনটির মূল লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অ্যালিস রুফো জানান, ন্যাটো মূলত একটি সামরিক জোট। এ জোটের মূল কাজ হলো ইউরো-আটলান্টিক অঞ্চলের ভূখণ্ডগত নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনর্উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটে অংশ নিতে ফ্রান্স আগ্রহী নয়। দেশটি কোনো সংঘাতমূলক বা আক্রমণাত্মক পথ বেছে নিতে চায় না। ফ্রান্স আলাপ-আলোচনা এবং অহিংস উপায়ে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে আগ্রহী। তবে আমরা এটাও জানি যে ফরাসি সরকারের এ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র বিরক্ত।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে অ্যালিস রুফো আরও বলেন, এ সামরিক জোট একক কোনো সুরক্ষার বিষয় নয়, বরং এটি একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। তার মতে, ন্যাটোর শক্তি তখনই প্রকাশ পায়, যখন এটি বিভাজন এড়িয়ে নিজের মূল লক্ষ্যের ওপর অবিচল থাকে।