logo

পাকিস্তান ‘অসাধারণ ভালো’ করছে: ট্রাম্প

পাকিস্তান ‘অসাধারণ ভালো’ করছে: ট্রাম্প

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে হস্তক্ষেপ করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পাকিস্তানের শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসব কথা বলেন তিনি। খবর এএনআই’র

ট্রাম্প বলেন, ‘আমি (হস্তক্ষেপ) করব। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাদের একজন মহান প্রধানমন্ত্রী, একজন মহান জেনারেল। তাদের একজন মহান নেতা। দুজনকেই আমি অনেক সম্মান করি। পাকিস্তান অসাধারণ ভালো করছে।’

কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার অভিযোগ তুলেছে। ফলে দক্ষিণ এশিয়ায় এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে।

আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৮৯টি সেনা চৌকিসহ ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামালায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও।

স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে ‘অপারেশন গজব-লিল-হক’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজন ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ বলছে, ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাংক ও সাঁজোয়া যান।

গত অক্টোবরে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ অব্যাহত ছিল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় এক হাজার ৬০০ মাইল (২ হাজার ৫৭৪ কিলোমিটার) দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত রয়েছে। যা দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও নিরাপত্তা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান তাদের বড় সমর্থক ছিল। কিন্তু পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে। ইসলামাবাদ অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিপিপি) নিরাপদ আশ্রয় দিচ্ছে। টিটিপি পাকিস্তানে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, গত এক বছরে পাকিস্তানি বাহিনীর ওপর অন্তত ৬০০টি হামলা চালিয়েছে ওই গোষ্ঠী।