logo

লিমনের প্রথম জানাজা আজ, মরদেহ দেশে আসছে ৪ মে

লিমনের প্রথম জানাজা আজ, মরদেহ দেশে আসছে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ। ৪ মে (সোমবার) তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব ট্যাম্পা বে এরিয়ায় লিমনের প্রথম জানাজা অনিুষ্ঠিত হবে।

গোলাম মোর্তোজা জানান, ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে লিমনের মরদেহ নিয়ে রওনা হবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুবাইয় ট্রানজিট হয়ে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তার মরদেহ।

১৬ এপ্রিল সকাল থেকে নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত দেহাবশেষ পাওয়া যায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ পাওয়া যায়। তার সঙ্গে নিখোঁজ হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করে লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। পরে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে পরিবারকে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট যুক্তরাষ্ট্রের বাসিন্দাকে হিশাম আবুগারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়।

এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে তা বৃষ্টির কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।