logo

বয়স ১২ বছর পেরোলেই সশস্ত্র টহল চেকপোস্টে যোগ দিতে পারবে ইরানি শিশুরা

বয়স ১২ বছর পেরোলেই সশস্ত্র টহল চেকপোস্টে যোগ দিতে পারবে ইরানি শিশুরা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাসব্যাপী হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে দেশটির রাজপথে সশস্ত্র বাহিনীর কঠোর মহড়া চলছে। তেহরানে আইআরজিসির সাংস্কৃতিকবিষয়ক উপপ্রধান রহিম নাদালি জানিয়েছেন, দেশের এই সংকটে নিরাপত্তা টহলে অংশ নেওয়ার বয়সসীমা কমিয়ে ১২ বছর করা হয়েছে। ফলে এখন থেকে ১২ বছর বা তারচেয়ে বেশি বয়সি শিশুরাও সশস্ত্র টহল ও চেকপোস্টে যোগ দিতে পারবে।

বর্তমানে তেহরানের রাস্তায় মুখোশধারী বাহিনী এবং মেশিনগানবাহী পিকআপ ট্রাকের টহল একটি সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। আলজাজিরার খবর জানায়, ড্রোন হামলার ঝুঁকি এড়াতে এসব বাহিনী এখন নির্দিষ্ট স্থানে না থেকে ঘনঘন জায়গা পরিবর্তন করছে।

রাজপথের এই সামরিক উপস্থিতির পাশাপাশি ইরান সরকার সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। লাউডস্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয়দের মসজিদে জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানানো এবং বর্তমান শাসনব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশের আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানিদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে এবং উপযুক্ত সময়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রাজপথে নামার আহ্বান জানাচ্ছে।

পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যেই ইরানি রাষ্ট্রীয় মিডিয়া নারীসহ সাধারণ মানুষের অস্ত্র হাতে তুলে নেওয়ার দৃশ্য প্রচার করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখার আহ্বান জানাচ্ছে।

যুদ্ধের ভয়াবহতা এখন ইরানের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শুক্রবারের (২৭ মার্চ) বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো দখলের উদ্দেশ্যে আরও সৈন্য মোতায়েন করেছে ওয়াশিংটন। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, এমন কিছু ঘটলে তারা কঠোর প্রতিশোধ নেবে।