যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

পাকিস্তানে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূত) নাটালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আলজাজিরা জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার আয়োজন নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহসিন নকভি। তিনি বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা এবং সংঘাতের একটি স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক মাধ্যমগুলোর ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।’
মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে ইরানও ইতিবাচক সাড়া দেবে। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনির ব্যক্তিগতভাবে এই সংকটের সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান বর্তমানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে এবং ইসলামাবাদে একটি সফল শান্তি আলোচনার পরিবেশ তৈরির জন্য কাজ করছে।’