logo

ইরানের ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে আগুন, সব ফ্লাইট স্থগিত

ইরানের ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে আগুন, সব ফ্লাইট স্থগিত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। এ পরিস্থিতিতে সোমবার (১৬ মার্চ) সকালে ওই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। এই আদেশ অস্থায়ী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনের জনসংযোগ দপ্তর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।  

জনসংযোগ দপ্তর দেওয়া তথ্যমতে, রোববার (১৫ মার্চ) রাতে দুবাই বিমানবন্দরের সন্নিকটে একটি জ্বালানি ট্যাংকে ইরানি ড্রোনের আঘাতের ফলে এই আগুনের সূত্রপাত হয়। এর জেরে বিমানবন্দর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুবাই সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

ফ্লাইট বাতিল প্রসঙ্গে দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক্সবার্তায় জানিয়েছে, সব যাত্রী এবং বিমাবন্দরের স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।