হামলা থেকে বাঁচতে নাগরিকদের ‘নিরাপদ স্থানে’ যেতে বলল বাহরাইন

এশিয়া পোস্ট ডেস্ক
হামলা থেকে বাঁচতে নাগরিকদের ‘নিরাপদ স্থানে’ যেতে বলল বাহরাইন
বাহরাইনের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে বাহরাইনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক সাইরেন বাজিয়ে জনগণকে শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান একাধিক পাল্টা হামলা চালানোর দাবি করার পর এই সতর্কতা জারি করা হয়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাহরাইনের কর্তৃপক্ষ জনসাধারণকে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট দেশগুলো। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার বাহরাইনে একাধিক কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পরে বাহরাইনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ছোড়া বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।

বাহরাইনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘ইরান বাহরাইনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে। এটি দেশটির আগ্রাসী কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা।’

তবে বিবৃতিতে কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বা কতটি প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।