logo

ইসরায়েল সফরে গেলেন মোদি

ইসরায়েল সফরে গেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফরে গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।

এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এবং ভারতের মধ্যে একটি অসাধারণ জোট রয়েছে। মোদির এ সফরে আমরা সব ধরনের সহযোগিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে গেছেন। হিন্দু জাতীয়তাবাদী এ প্রধানমন্ত্রীর আমলে ভারত-ইসরায়েল সম্পর্ক আরও গভীর হয়েছে। এবার মোদি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন।

এর আগে গত বছর অতি-ডানপন্থি ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নয়াদিল্লি সফরের সময় ইসরায়েল এবং ভারত পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ভারত-ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৩.৯ বিলিয়ন ডলার। এ ছাড়া বর্তমান পারস্পরিক বিনিয়োগের মূল্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার।

গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত থাকার পরও মোদি এ সফরে গেছেন। এ বিষয়ে উভয়পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, মোদি এবং নেতানিয়াহুর লক্ষ্য হচ্ছে এই সফরের সময় ভারত-ইসরায়েলের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি জোরদার করা।