এল নিনোর প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল আরও কমছে

এল নিনোর প্রভাবে সৃষ্ট তীব্র খরার কারণে পানামা খালে জাহাজ চলাচল আরও কমানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সোমবার পানামা খাল কর্তৃপক্ষের প্রশাসক এ তথ্য জানিয়েছেন।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এল নিনো বিশ্বের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাবে মধ্য আমেরিকায় তীব্র খরা দেখা দিয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃমহাসাগরীয় নৌপথ পানামা খালের জন্য বড় সংকট তৈরি করেছে।
বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের মধ্য দিয়ে পরিচালিত হয়। জাহাজ ওঠানামার জন্য ব্যবহৃত লকগুলো পরিচালনায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হওয়ায় পানির সংকট খালের কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলছে।
পানির মজুত সংরক্ষণে গত ৪ সেপ্টেম্বর পানামা খালে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ৩২ করা হয়। এবার অক্টোবরে তা আরও কমিয়ে দৈনিক গড়ে ২৯ দশমিক ৫টি জাহাজে নামানোর পরিকল্পনা করা হয়েছে। দেশটির সংসদে জমা দেওয়া খসড়া বাজেটে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
পানামার খালবিষয়ক মন্ত্রী হোসে রামোন ইকাসা বলেন, অনুমোদিত বাজেটের মাধ্যমে খালটির কার্যক্রম নিরাপদ, ধারাবাহিক, দক্ষ ও লাভজনকভাবে চালিয়ে যাওয়া নিশ্চিত হবে।
চলতি বছরের এল নিনো গত চার দশকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে এল নিনোর প্রভাবে পানামা খালে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা ৩৮ থেকে কমিয়ে ২২-এ নামিয়ে আনা হয়েছিল।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে পানামা খালের ওপর জাহাজ চলাচলের চাপও বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হওয়ায় জাহাজগুলো বিকল্প পথ হিসেবে পানামা খাল ব্যবহার করছে।


