ইরানি আলোচক দলের প্রধান গালিবাফ পদত্যাগ করেছেন

ইরানের পার্লামেন্টের (মজলিস) স্পিকার ও শান্তি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অভ্যন্তরীণ মতবিরোধের জেরে আলোচক দলের নেতৃত্ব থেকে সরে আসলেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ অভ্যন্তরীণ মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন।
তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টার জন্য গালিবাফকে তিরস্কার করার পাশাপাশি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
আলোচক দলে তার স্থলাভিষিক্ত হলে পারেন কট্টরপন্থি নেতা সাঈদ জালিলি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আলোচনার দায়িত্ব নিতে চাইছেন বলে দাবি করে সংবাদমাধ্যমটি।
তবে তাকে কে বা কারা ভৎসনা করেছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ‘অদৃশ্য’ থাকায় দেশটির শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এই কাজে জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, ইরানে বিদ্যমান ইসলামিক প্রজাতন্ত্রী সরকার ব্যবস্থার কঠোর সমালোচক হিসেবে পরিচিত ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটির ওপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।