খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে খামেনির তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়েছে।
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ লোকজন ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আকুতি জানিয়েছেন। তাদের জন্য আয়োজনের পরিধি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। তার প্রাণহানির পর ইরানের সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে খামেনিকে সমাহিত করা হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।