মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা গুরুতর আহত

ইরানের রাজধানী তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর একটি ভয়াবহ বিমান হামলায় দেশটির প্রভাবশালী নীতিনির্ধারক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি গুরুতর আহত হয়েছেন। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মেহের নিউজের খবরে বলা হয়েছে, খাররাজির নিজ বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে তার স্ত্রী নিহত হয়েছেন। আর গুরুতর আহত অবস্থায় খাররাজিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
কামাল খাররাজি বর্তমানে ইরানের ‘স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আলী খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতার আমলের কর্মকর্তাদের পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ায় খাররাজি তার গুরুত্বপূর্ণ অবস্থানেই ছিলেন।
ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী অভিযানে আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও বসে নেই। তারা ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটে পড়েছে। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।