logo

ইস্তাম্বুলের আয়া সোফিয়ায় ‘বাইজেন্টাইন পতাকা’, দুই গ্রিক পর্যটক গ্রেপ্তার

ইস্তাম্বুলের আয়া সোফিয়ায় ‘বাইজেন্টাইন পতাকা’, দুই গ্রিক পর্যটক গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুল শহরের বিশ্ববিখ্যাত স্থাপনা আয়া সোফিয়া মসজিদে ‘বাইজেন্টাইন পতাকা’ প্রদর্শনের অভিযোগে দুই গ্রিক পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ইস্তাম্বুল পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন ৩৫ বছর বয়সি মাজিস মাইকেল ও ৪২ বছর বয়সি কোস্টানটিনা মাজি। তারা একটি পর্যটক দলের সঙ্গে আয়া সোফিয়ায় প্রবেশ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, মসজিদের ভেতরে ওই দুই পর্যটক বাইজেন্টাইন পতাকা মেলে ধরেন এবং একে অপরের ছবি তুলতে থাকেন। বিষয়টি নজরে আসার পরই আয়া সোফিয়ার নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে পুলিশকে অবহিত করেন।

পরবর্তীতে ইস্তাম্বুলের ফাতিহ জেলার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। ইস্তাম্বুলের একটি আদালত তাদের বিরুদ্ধে ‘জনমনে ঘৃণা ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন।

জানা গেছে, প্রদর্শিত পতাকাটিতে এমন একটি স্লোগান ছিল, যার তুর্কি অনুবাদ দাঁড়ায়—অর্থোডক্স হও অথবা মরো।

৫৩৭ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আমলে নির্মিত আয়া সোফিয়া মূলত একটি ক্যাথেড্রাল ছিল। ১৪৫৩ সালে অটোমানদের ইস্তাম্বুল বিজয়ের পর এটি মসজিদে রূপান্তর করা হয়।

দীর্ঘ সময় জাদুঘর হিসেবে ব্যবহারের পর ২০২০ সালে তুরস্ক সরকার পুনরায় এটিকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত নেয়, যা তুরস্ক ও গ্রিসের মধ্যে পুরোনো সাংস্কৃতিক ও রাজনৈতিক সংবেদনশীলতাকে আবারও সামনে নিয়ে আসে।