logo

ইরান যুদ্ধের প্রভাব গড়াল যুক্তরাষ্ট্রের ভুট্টার ক্ষেত পর্যন্ত

ইরান যুদ্ধের প্রভাব গড়াল যুক্তরাষ্ট্রের ভুট্টার  ক্ষেত পর্যন্ত

ইরান যুদ্ধের প্রভাবে সার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চলতি বছর যুক্তরাষ্ট্রে ভুট্টার চাষ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সতর্কবার্তায় জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ হারাচ্ছেন।

ইউএসডিএর বরাতে আলজাজিরা জানায়, চলতি বছর কৃষকরা ৩ কোটি ৮৫ লাখ হেক্টর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন। গত বছর (২০২৫ সালে) এই পরিমাণ ছিল ৪ কোটি হেক্টর। অর্থাৎ, গত বছরের তুলনায় প্রায় ১৫ লাখ হেক্টর কম জমিতে এবার ভুট্টার আবাদ হচ্ছে।

ভুট্টা ও গম চাষে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ চলায় সেখান থেকে নাইট্রোজেন সারের সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে সারের দাম এখন নাগালের বাইরে।

তাছাড়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিরবহন, ট্রাক্টর চালানোসহ চাষাবাদের অন্যান্য খরচও বেড়ে গেছে।

শস্যের দাম কমে যাওয়া এবং চীনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন করে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন ফসলের চাহিদা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির কৃষকরা এখন একদিকে বাড়তি খরচের চাপ, অন্যদিকে উৎপাদিত ফসলের সঠিক দাম না পাওয়ার আশঙ্কায় ভুগছেন।