ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে বিক্ষোভের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে অধিকার রক্ষা বিষয়ক গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান সরকার। ২০২১ সালে দেশটির ক্ষমতায় আসায় তালেবানের দাবি, এ আদেশ ইসলামী শরিয়াহ আইনের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ।
পাঁচ বছরের বেশি সময় আগে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে বিক্ষোভ বিরল হয়ে পড়েছে। কিন্তু গত মাসে তালেবান সরকার একটি নিয়ম জারি করে জানিয়েছে, ‘সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ’।
আন্তর্জাতিক সংস্থাগুলো এই আইনটিকে ‘নিষ্ঠুর’ এবং দেশে যে কোনো ভিন্নমত দমনের একটি পদক্ষেপ হিসেবে নিন্দা করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই আইনটি ইসলামী আইনের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ’। তিনি আরও বলেন, ‘ইসলামী আইনে প্রতিবাদের কোনো স্থান নেই’।
মুজাহিদ বলেন, ‘প্রতিবাদ সেইসব সমাজেরই অংশ যেখানে ভিন্ন আইনকানুন প্রতিষ্ঠিত থাকে, যেমন গণতন্ত্র বা প্রজাতন্ত্র।’ তিনি আরও উল্লেখ করেন, ইসলামী ব্যবস্থার অধীনে মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শনের পরিবর্তে সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানাতে পারে।


