প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙল ইরানি তেলবাহী জাহাজ

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙল ইরানি তেলবাহী ট্যাংকার জাহাজ। ওই নৌযানটি এখন পারস্য উপসাগর ত্যাগ করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো অপরিশোধিত তেলবোঝাই তিনটি ইরানি ট্যাংকার পারস্য উপসাগর ত্যাগ করেছে। সমুদ্রগামী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ক্যাপলার’ এই বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যাপলার সংবাদ সংস্থা এএফপিকে জানায়, ‘ডিপ সি’, ‘সোনিয়া-১’ এবং ‘ডিওনা’ নামের তিনটি জাহাজ গত বুধবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইরানের খারগ দ্বীপ থেকে এই তেলবোঝাই করা হয়েছিল।
তেহরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে গত সোমবার থেকে ইরানি বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ক্যাপলারের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল ‘স্টারলা’ নামের জাহাজটি অতিক্রম করার পর থেকে বুধবারের আগে পর্যন্ত কোনো ইরানি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে অবস্থিত আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নৌ অবরোধ কার্যকর করবে। নাবিকদের প্রতি প্রেরিত এক নোটিশে সেন্টকম জানিয়েছে, সরকারি-বেসরকারি সব ধরনের নৌযান এই অবরোধের আওতায় থাকবে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো নৌযান প্রবেশ করলে বা বের হলে তা আটক, পথপরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে।