logo

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব জায়গা থেকে দেখা যাবে

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব জায়গা থেকে দেখা যাবে
ছবি: সংগৃহীত

বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আগামী ১২ আগস্ট। ওই দিনই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মিলবে। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে একদম সোজা এসে দাঁড়াবে, তখন কিছুক্ষণের জন্য দিনেই রাতের অন্ধকার নেমে আসবে। মহাকাশপ্রেমীদের জন্য এটি একটি রোমাঞ্চকর খবর হলেও বাংলাদেশ থেকে সরাসরি দেখার সুযোগ নেই।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি ও সবচেয়ে আকর্ষণীয়ভাবে দৃশ্যমান হবে ইউরোপ ও উত্তর মেরুর (আর্কটিক) নির্দিষ্ট কিছু এলাকা থেকে। সূর্যগ্রহণের বলয় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর এবং স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। এ ছাড়া উত্তর গোলার্ধের বেশ কিছু অঞ্চল, ইউরোপের অধিকাংশ এলাকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকা থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ না দেখতে পাওয়ার প্রধান কারণ হলো সময়ের পার্থক্য। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে ১২ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে এবং শেষ হবে ১৩ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে। মূলত রাতের কারণেই বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের কোনো স্থান থেকেই এই গ্রহণ দেখা যাবে না।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। এ সময় সূর্য পুরোপুরি ঢেকে যায়। এতে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসে এবং আকাশের তারাগুলো দৃশ্যমান হয়ে ওঠে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। তখন কয়েক মিনিটের জন্য দিনের আলো নিভে গিয়ে চারপাশে গোধূলির মতো পরিবেশ সৃষ্টি হয় এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা খালি চোখে দেখা যায়। তবে পূর্ণগ্রাসের ক্ষণিক সময় ছাড়া সূর্যের দিকে কখনোই খালি চোখে তাকানো নিরাপদ নয়। এজন্য বিশেষ মানের সোলার ভিউয়িং চশমা বা অনুমোদিত ফিল্টার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

সূর্য চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় এবং পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি দূরে অবস্থিত। এই দূরত্বের ভারসাম্যের কারণেই পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারের মনে হয়।