পরমাণু ইস্যুতে তৃতীয় দফায় মার্কিন-ইরান আলোচনা শুরু

উত্তেজনার মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা শুরু হয়। খবর আলজাজিরার।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, জেনেভায় ওমানি দূতাবাসের একটি ভবনে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু করেছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেওয়া মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনজনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মধ্যস্থতাকারী ওমানের এই কূটনীতিক।
মার্কিন পক্ষের সঙ্গে বৈঠকের পর আল-বুসাইদি বলেছেন, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো ‘নতুন ও সৃজনশীল ধারণা’ এবং ‘সমাধানের’ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি খোলামেলা মনোভাব দেখিয়েছে।
পোস্টে আরও বলা হয়, বৈঠকে ইরানের প্রস্তাব ও তার পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও প্রশ্ন আলোচনা করা হয়েছে। একই সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে যে ধরনের নিশ্চয়তা দরকার, সেটিও পর্যালোচনা করা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ‘প্রযুক্তিগত পর্যবেক্ষক’ হিসেবে আলোচনায় যোগ দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তার অংশগ্রহণকে দ্য গার্ডিয়ান ইরানের জন্য তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে। কারণ গ্রোসির আইনি বৈধতা আছে এই আলোচনায় অংশ নেওয়ার।