বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কালীঘাট ও নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৩০ মার্চ) দুপুরে হলদিয়া মহকুমা কার্যালয়ে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন বিজেপির এই প্রার্থী।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাবেক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষসহ বিজেপির স্থানীয় নেতারা। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৪ মে।
এই নির্বাচনে মোট দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। দ্বিতীয়টি হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল।
এদিন মনোনয়নপত্র জমার পরে উপস্থিত সাংবাদিকদের দুটি কেন্দ্র থেকে জেতার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন শুভেন্দু। তিনি বলেন, ‘হিন্দুবিরোধী, সনাতন বিরোধীদের পরাজয় হবে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জিতবে, সনাতনীরা জিতবে। কিন্তু আমরা সবার কাজ করব।’
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে হারিয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।