মার্কিন বিমান হামলায় পূর্ব প্রশান্ত মহাসাগরে নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা সবাই মাদকপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, অভিযুক্তরা মাদকপাচারের সঙ্গে জড়িত থাকলেও তাদের এভাবে হত্যা না করে বিচার প্রক্রিয়ার আওতায় আনা উচিত ছিল।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) একটি ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ নৌযান লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। তাদের দাবি, নৌযানটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে যাচ্ছিল।
গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মাদকপাচারের অভিযোগে মার্কিন হামলায় অন্তত ১৭৮ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহেও পৃথক দুটি হামলায় ৬ জন নিহত হয়েছেন।
বুধবারের ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। সেখানে দেখা যায়, বিমান হামলায় নৌযানটি বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়।
হিউম্যান রাইটস ওয়াচ এ ধরনের হামলা ও হত্যাকে ‘বেআইনি ও বিচারবহির্ভূত’ বলে আখ্যা দিচ্ছে। তাদের মতে, অভিযুক্তরা মাদকপাচারের সঙ্গে জড়িত থাকলেও তাদের নির্বিচার হত্যা না করে বিচার প্রক্রিয়ার আওতায় আনা উচিত ছিল।
সমালোচকরা জানান, অনেক ক্ষেত্রে সাধারণ মাছ ধরার নৌকাও এই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বলছে, ট্রাম্প প্রশাসন কোনো শক্ত প্রমাণ ছাড়াই শুধু ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এসব করছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল জাতীয় মাদক আসে মেক্সিকো সীমান্ত দিয়ে স্থলপথে। সমুদ্রপথে এ ধরনের হামলা চালিয়ে মাদক সমস্যা সমাধান করা সম্ভব নয়।