logo

তেহরানসহ ইরানের তিন শহরে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানসহ ইরানের তিন শহরে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে একযোগে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, একই সঙ্গে ইরানের তেহরান, শিরাজ ও তাবরিজ শহরের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারের হামলার ঢেউ শুরু করেছে তারা।

রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ইরানের চতুর্থ বৃহত্তম শহর তাবরিজ অবস্থিত তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তের কাছে। আর শিরাজ ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার প্রথমবারের মতো কৌশলগত সলিড-ফুয়েল ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে দেশটি। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’ এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ৫৪তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, নতুন এ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম সুপার হেভি ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘খায়বার-শেকান (খায়বার-বাস্টার)’, ‘কদর’ এবং ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অধিকৃত ভূখণ্ডের ভেতরে সেনা সমাবেশ স্থলগুলোতে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশ দুটির বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। ইরানের অভিযোগ, ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একাধিক দফা হামলার মাধ্যমে আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে তেহরান।