logo

আবারও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কিম

আবারও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও দেশটির ‘স্টেট অ্যাফেয়ার্সের’ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২২ মার্চ) রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ পিপলস অ্যাসেম্বলির (এনপিএ) প্রথম অধিবেশন শুরু হয়। এই গুরুত্বপূর্ণ সভায় কিম জং উনের পুনর্নির্বাচনের পাশাপাশি স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান পদের নির্বাচন এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ পর্ষদের নেতৃত্ব নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়।

বৈঠকটিতে দেশটির সমাজতান্ত্রিক সংবিধানের বিভিন্ন সংশোধনী এবং নতুন কিছু বিষয় সংযোজন নিয়ে আলোচনার পরিকল্পনা করা হয়। উত্তর কোরিয়ার এই আইনসভাকে সাধারণত নীতি অনুমোদনের একটি আনুষ্ঠানিক মঞ্চ হিসেবে দেখা হয়। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি যেসব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এই অ্যাসেম্বলির মাধ্যমেই সেগুলোকে রাষ্ট্রীয় আইনে পরিণত করা হয়।

কিম জং উনের পুনর্নির্বাচনের পাশাপাশি এই অধিবেশনে দেশটির অর্থনৈতিক অগ্রগতির দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নবম পার্টি কংগ্রেসে ঘোষিত অর্থনৈতিক পঞ্চবার্ষিক পরিকল্পনার বর্তমান অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপগুলো এই বৈঠকে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে কেসিএনএ।