মা-বাবার ভরণপোষণ না করলে বেতন থেকে কাটা হবে টাকা

বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে অনন্য নজির স্থাপন করল ভারতের তেলেঙ্গানা রাজ্য। সম্প্রতি রাজ্য বিধানসভায় পাস হয়েছে ‘তেলেঙ্গানা এমপ্লয়িজ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং অব প্যারেন্টাল সাপোর্ট বিল, ২০২৬’।
নতুন এ আইনে, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য তাদের বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো সন্তান তার মা-বাবার ভরণপোষণ দিতে অস্বীকার করে, তবে শাস্তি হিসেবে তার মাসিক বেতনের একটি অংশ তার মা-বাবাকে দিতে হবে।
আইন অনুযায়ী, অবাধ্য সন্তানদের নিজের মাসিক বেতনের ১৫ শতাংশ, অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা মা-বাবাকে দিতে হবে।
ভারতের প্রথম রাজ্য হিসেবে কঠোর এই আইন পাস করল তেলেঙ্গানা। সংসদে বিলের প্রস্তাব রাখতে গিয়ে রাজ্যর মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেসব সন্তান মা-বাবাকে অবহেলা করে, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত।’
রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিঙ্ঘানিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও শেষ বয়সে নিজের ছেলের কারণে তাকে অসহায় জীবন কাটাতে হয়েছে।’
মুখ্যমন্ত্রী জানান, আপাতত ১০ হাজার টাকা সীমা রাখা হলেও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে এই সীমা বাড়ানোর জন্য, যাতে বৃদ্ধ মা-বাবারা আরও বেশি আর্থিক নিরাপত্তা পান।
বিধানসভার স্পিকার জি. প্রসাদ কুমার এবং বিজেপি সদস্য পায়েল শঙ্করসহ বিভিন্ন দলের নেতারা বিলটিকে স্বাগত জানিয়েছেন। পায়েল শঙ্কর বলেন, ‘মা-বাবার সেবার জন্য আইন করতে হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক হলেও সরকারের এই পদক্ষেপ সময়োপযোগী।’
অন্য বিধায়করাও বিলটিকে সমর্থন জানান। তারা বলেন, এই আইন কার্যকর হলে সমাজে নৈতিক অবক্ষয় কমবে এবং প্রবীণ নাগরিকরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবেন।