যৌথভাবে নতুন অধ্যায় রচনা করা প্রয়োজন: সি জিনপিং

বিশ্বের শক্তিশালী নেতাদের যৌথভাবে একটি নতুন অধ্যায় রচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গণমহাভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি এ কথা বলেন।
বৈঠকে শি জিনপিং বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে।
তিনি আরও বলেন, বিশ্ব এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি ‘থুসিডাইডিসের ফাঁদ’ অতিক্রম করে প্রধান শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? তারা কি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করে বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা আনতে পারবে? তারা কি জনগণের কল্যাণ এবং মানবজাতির ভবিষ্যতের দিকে নজর রেখে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে?
এগুলো ইতিহাসের প্রশ্ন, বিশ্বের প্রশ্ন এবং জনগণের প্রশ্ন। এ ধরনের প্রশ্নের জবাব প্রধান শক্তিগুলোর নেতাদেরই দিতে হবে এবং আমাদের সময়ের জন্য তাদেরই যৌথভাবে একটি নতুন অধ্যায় রচনা করতে হবে, বলেন তিনি।
এর আগে গতকাল বুধবার (১৩ মে) রাতে শি জিনপিংয়ের আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পৌঁছে তার রাষ্ট্রীয় সফর শুরু করেন।
অ্যাপলের সিইও টিম কুক, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং এবং টেসলার সিইও ইলন মাস্কসহ দশটিরও বেশি সুপরিচিত মার্কিন কোম্পানির শীর্ষ নির্বাহীর একটি প্রতিনিধিদল চীন সফর করছেন। তাদের সম্মিলিত এ সফর মূলত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা গভীরতর করা এবং পারস্পরিক লাভজনক ফলাফল অর্জনে মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের দৃঢ় আগ্রহের প্রতিফলন ঘটায়।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক মার্কিন কোম্পানি চীনা বাজারের সঙ্গে সমন্বিত উন্নয়নের পথ বেছে নিয়েছে। এসব কোম্পানি চীনা বাজারের উন্মুক্ততা থেকে উপকৃত হয়েছে এবং সেখানে নিহিত বিপুল সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে দেখছে।
মার্কিন বাণিজ্য ও শিক্ষাবিদ মহলের ব্যক্তিরা এক বাক্যে মনে করেন, স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শুধু কোম্পানিগুলোর নিজস্ব স্বার্থেই নয়, বরং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারে আস্থার ওপরও গভীর প্রভাব ফেলবে।
