logo

ভারতের সিইসির নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মমতার দল

আনন্দবাজার
আনন্দবাজার
ভারতের সিইসির নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মমতার দল
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: আনন্দবাজার ডট কম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং তার আমলে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সোমবার (২৪ অক্টোবর) মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী মেনকা গুরুস্বামী। আদালত জানিয়েছে, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হবে।

নির্বাচন কমিশনার নিয়োগের আইন সংশোধনের পর মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন জ্ঞানেশ কুমার। তার নিয়োগের বিরোধিতা করেছিল বিরোধী দলগুলো। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক আরও বাড়ে।

বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও বহু ভোটারের আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। এরই মধ্যে সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জ্ঞানেশ কুমার এককভাবে পদক্ষেপ করছেন। অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলেও ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়।

প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন আরও জোরালো হয়। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারের নিয়োগ ও তার সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল।

দলটির সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কেন্দ্রীয় সরকারকে পক্ষ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনারকেও মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। সোমবার আদালতে মেনকা গুরুস্বামী জানান, মামলায় নির্বাচন কমিশনের কার্যপ্রণালি, মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং আইন মেনে কাজ না হলে তার সম্ভাব্য আইনি পরিণতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর-সংক্রান্ত পৃথক একটি মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। চলতি সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। আদালত জানিয়েছে, জ্ঞানেশ কুমারের নিয়োগ ও সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের দায়ের করা মামলাটিও এসআইআর-সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত করে একসঙ্গে শুনানি করা হবে।

অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি রাজপথে আন্দোলন জোরদার করার পরিকল্পনা করছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে। এতে কংগ্রেসসহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নিতে পারেন।

এই কর্মসূচির আগেই সুপ্রিম কোর্টে তৃণমূলের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও এসআইআর নিয়ে চলমান বিতর্কে আদালতের পর্যবেক্ষণের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।