সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল বিজয় থালাপতির

এশিয়া পোস্ট ডেস্ক
সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল বিজয় থালাপতির
জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্রিভেলকে নতুন পদ থেকে সরিয়ে দেন থালাপতি। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির প্রশাসনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে নিয়োগ দেওয়া হয় জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্রিভেলকে। কিন্তু এই জ্যোতিষীর বিরুদ্ধে সাবেক মুখ্যমন্ত্রীর সময় গুরুত্বপূর্ণ পদে যুক্ত থেকে বিশেষ সুবিধা নেওয়ার বিষয়ে সমালোচনা দেখা দিলে তাকে নতুন পদ থেকে সরিয়ে দেন থালাপতি।

মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি বুধবার (১৩ মে) জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্রিভেলকে ওএসডি পদ থেকে অপসারণ করেছেন। তামিলনাড়ুর বিধানসভায় আস্থা ভোটে জয়ী হওয়ার কিছুক্ষণ পর বিজয় এই আদেশ জারি করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে রাধন পণ্ডিতের নিয়োগ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এই জ্যোতিষী একসময় সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার অন্যতম বিশিষ্ট উপদেষ্টা ছিলেন। যদিও তার অন্যতম বড় একটি ভবিষ্যদ্বাণী সত্যি না হওয়ায় তাদের সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাধন জয়ললিতাকে আশ্বাস দিয়েছিলেন যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় তাকে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে না। কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে তার কারাদণ্ড হওয়ার পর, তাদের সম্পর্ক ভেঙে যায় বলে জানা গেছে।

২০০৮ সালে দিল্লি থেকে ফেরার পর এক মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচয় হওয়ার পর রাধন পণ্ডিত বিজয়ের রাজনৈতিক বলয়ে প্রবেশ করেন। এরপর বিজয় থালাপতির রাজনৈতিক কাঠামোতে তার ভূমিকা শিগগিরই লক্ষণীয় হয়ে ওঠে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সূত্র জানিয়েছিল, তিনি বিজয়কে ইংরেজি ‘ভি’ অক্ষর দিয়ে শুরু হওয়া একটি নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। এ ছাড়াও নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থান এবং নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন।