পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে চটেছেন ইতালির প্রধানমন্ত্রী

পোপ চতুর্দশে লিওকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন পোপ।
মেলোনি বলেন, পোপকে নিয়ে ট্রাম্পের করা মন্তব্য অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন এবং যুদ্ধের নিন্দা জানাবেন; এটাই স্বাভাবিক।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালির প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ফলে মেলোনির মতো মিত্রের কাছ থেকে এমন প্রকাশ্য ভর্ৎসনা অত্যন্ত বিরল।
এর আগে ট্রাম্প বলেন, আমি এমন পোপ পছন্দ করি না, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে সমর্থন করেন। লিওর উচিত একজন রাজনীতিকের মতো আচরণ না করে মহান পোপ হওয়ার চেষ্টা করা। তার উচিত কাণ্ডজ্ঞান ব্যবহার করা এবং নিজেকে শুধরে নেওয়া।
এখানেই থেমে থাকেননি ট্রাম্প। গত বছর ইতিহাস গড়ে প্রথম আমেরিকান হিসেবে পোপের আসনে বসা লিও চতুর্দশের নিয়োগ নিয়ে বিতর্কিত দাবি করেছেন তিনি। ট্রাম্পের মতে, ভ্যাটিকান তাকে কেবল এ কারণেই নির্বাচিত করেছে যাতে তার (ট্রাম্প) সমালোচনা চালিয়ে যেতে পারে।
ট্রাম্প সরাসরি বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনোদিন ভ্যাটিকানে বসতে পারতেন না। তিনি কেবল আমার কারণেই আজ এই অবস্থানে।
সূত্র: আলজাজিরা, সিএনএন